NewsDesk
বাগেরহাটে স্বাস্থ্যসেবার মান সম্প্রসারণে লতিফ মাস্টার ফাউন্ডেশনের নতুন সংযোজন ‘বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন’-এর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবারে নৌপরিবহন মন্ত্রী শেখ ররিউল আলম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. ফরিদুল ইসলাম; বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন; বাগেরহাটের জেলা প্রশাসক; বাগেরহাটের পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, চিকিৎসক, লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক, রকেট ফুটবল একাডেমির প্রশিক্ষণার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের নির্মাণকাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার তাগিদ দেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে বাগেরহাটের সর্বস্তরের মানুষের জন্য মানসম্মত, সুলভ ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।