নিউজ ডেস্ক | /DAILYNABARAJ24.COM
প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৯:৫৫
কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের সাম্প্রতিক মন্তব্যকে কলঙ্কজনক আখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী সমাজকে কীভাবে ঘরের ভেতর আটকে রাখতে চায়, সেই মানসিকতার প্রকাশ ঘটিয়েছে।”
সোমবার দুপুরে খুলনা নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনী জনসভায় অংশ নেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে জনসভাস্থলে পৌঁছালে নেতা-কর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। তিনি প্রায় ২৭ মিনিট বক্তব্য দেন।
কারও নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, “দুই দিন আগে একটি রাজনৈতিক দলের নেতা কর্মসংস্থানে নিয়োজিত মা–বোনদের উদ্দেশে এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা প্রকাশ করতেও লজ্জা লাগে। এটি শুধু নারীদের জন্য নয়, পুরো জাতির জন্যই কলঙ্কস্বরূপ।”
তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে লাখ লাখ নারী বিশেষ করে পোশাকশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বহু নারী সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন। অথচ তাঁদেরই অপমান করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হজরত বিবি খাদিজা (রা.)–এর উদাহরণ টেনে তারেক রহমান বলেন, “যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছে—নবী করিম (সা.)-এর সহধর্মিণী ছিলেন একজন সফল ব্যবসায়ী। নারীদের কর্মজীবনকে অপমান করার অধিকার কারও নেই।”
তিনি আরও বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাকড হওয়ার অজুহাত দিয়েছে। তবে বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। “নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ করছে,” বলেন তারেক রহমান।
দেশের প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল নারীসমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে এই কার্ডের মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা হবে।
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনা আজ মৃতপ্রায়। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলকে পুনরায় শিল্পনগরীতে রূপান্তর করা হবে এবং নারী-পুরুষ সবার কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
আসন্ন ১২ তারিখের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছরে বিএনপির বহু নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও ২০২৪ সালের জুলাই মাসে দলমত নির্বিশেষে জনগণ রাজপথে নেমে স্বৈরাচার বিদায় করেছে। “এবার সময় এসেছে ভোটাধিকার পুনরুদ্ধারের,” বলেন তিনি।
বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়েই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।
© dailynabaraj24.com ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।